কিয়েভে রাতভর রুশ মিসাইল-ড্রোন হামলা, নিহত ১৩
- আপডেট সময় : ০৪:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৩ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। দেশটির বিমানবাহিনী জানায়, হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক মিসাইলের পাশাপাশি ১৬৮টি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৪৫টি ড্রোন ও বেশিরভাগ ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। তবে কোনো ব্যালিস্টিক মিসাইল ঠেকানো সম্ভব হয়নি।
হামলায় কিয়েভের একটি শিশু হাসপাতাল ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবা সংস্থা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি মিত্র দেশগুলোর কাছে আরও সহায়তার আহ্বান জানিয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকোও ইউক্রেনের জন্য গোলাবারুদ ও মিসাইল প্রতিরোধী ব্যবস্থা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।
ইউক্রেন দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছে দেশটি। এর আগে জেলেনস্কি বলেছিলেন, যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মাত্র পাঁচ শতাংশ দিলেও রুশ হামলা প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






















