কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: লিজধারী আবু জাফর গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলটি তার নামেই লিজ নেওয়া হয়েছিল।
বুধবার রাতে তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়। আবু জাফর উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকার বাসিন্দা। লালবাজারের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করেন।
এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে পাশের ‘যাপন’ হোটেলের একজন কর্মী রয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা ভবনে থাকা ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের পর ওই এলাকার ৯টি হোটেল ও ৪টি রেস্তোরাঁকে অগ্নিনিরাপত্তা বিধি না মানার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দমকল বিভাগ। ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, ভবনটিতে একাধিক হোটেল ও অতিথিনিবাস চললেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। অভিযোগ রয়েছে, আবাসিক ভবনকে অনুমোদন ছাড়াই বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল।
ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। ওই দলই ‘শিখা ইন’-এর লিজধারী আবু জাফরকে গ্রেপ্তার করেছে।
এদিকে, দমকল সদর দপ্তরের কাছাকাছি এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।






















