রোহিঙ্গারা মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান
- আপডেট সময় : ১২:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের কারণে দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি করছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গাদের উপস্থিতি দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি মাদক চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও কিছু অংশ জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
অনুষ্ঠানে ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ ৩৭ জন অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।






















