সাবেক মন্ত্রী দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ
- আপডেট সময় : ০৫:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনিকে স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।
এর আগে বুধবার সকালে দীপু মনির পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।
জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।
দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন।






















