দুদকে নতুন কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
প্রায় সাড়ে পাঁচ মাস পর নতুন কমিশন পেয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত অষ্টম কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার বুধবার (১৯ আগস্ট) সকালে দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন।
এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের নেতৃত্বশূন্যতার অবসান হলো।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনাসহ দুর্নীতি দমন কার্যক্রমে গতি ফিরবে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, অনুসন্ধান ও তদন্ত দ্রুত করা এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও গতিশীল করাই নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ।
গত ৩ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের পর দুদক কমিশন শূন্য হয়ে যায়। দীর্ঘ ১৬৬ দিন পর ১৮ আগস্ট নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হয়। তাঁদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ফের পূর্ণাঙ্গ কমিশনের কার্যক্রম শুরু হলো।






















