কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু: পররাষ্ট্র মন্ত্রণালয়
- আপডেট সময় : ০২:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, আজ ভোরে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।
অগ্নিকাণ্ডের পরিস্থিতি ও বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।























