ভাঙছেন নারীর পেশা নিয়ে প্রচলিত ধারণা
মাস্টার্স শেষে পিংক বাসের চালক রাবেয়া
- আপডেট সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৬০০ বার পড়া হয়েছে
উচ্চশিক্ষা শেষ করে অনেকেই ছুটছেন চাকরির প্রচলিত পথে। তবে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন মোসাম্মৎ রাবেয়া খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করার পর তিনি বেছে নিয়েছেন বাস চালানোর মতো চ্যালেঞ্জিং পেশা। রাজধানীর নতুন ‘পিংক বাস’ সার্ভিসের নারী চালকদের একজন তিনি।
মাস্টার্স পাসের পর রাবেয়ার বাস চালানোর সিদ্ধান্তে পরিবার ও পরিচিতদের অনেকেই বিস্মিত হন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, উচ্চশিক্ষিত একজন নারী কেন বাসচালক হিসেবে কাজ করবেন। তবে রাবেয়া এসব প্রশ্নকে বাধা নয়, বরং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
রাবেয়ার কাছে বাসের স্টিয়ারিং শুধু জীবিকার মাধ্যম নয়, এটি নিজের সক্ষমতা প্রমাণের একটি সুযোগ। তিনি মনে করেন, কোনো কাজের মর্যাদা পেশার নাম দিয়ে নির্ধারণ করা উচিত নয়।
রাবেয়া বলেন, “এই কাজটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। পরিবার কখনোই আসলে এর পক্ষে ছিল না। তারা বলছেন, আমি মাস্টার্স পাস করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিতুমীর কলেজ থেকে পড়াশোনা করেছি। তাদের ধারণা, একজন মাস্টার্স পাস মেয়ে চালক হিসেবে কাজ করবে—এটা সমাজ সহজে গ্রহণ করবে না।”
তবে নিজের সিদ্ধান্তে অটল রাবেয়া। তিনি বলেন, “চালক না ভেবে যদি আমি নিজেকে পাইলট ভাবি, তাহলে আমার অপরাধটা কী? কোনো অপরাধ নেই।”
নারীর কর্মক্ষেত্রের সীমাবদ্ধতা ভেঙে রাবেয়ার এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করছে। তাঁর বিশ্বাস, যোগ্যতা ও আগ্রহ থাকলে যেকোনো পেশাতেই নারীরা সফল হতে পারেন।























