দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- আপডেট সময় : ১২:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে রয়েছেন। ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।
তিনি জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। কোথায় ও কখন জানাজা এবং দাফন হবে, তা বুধবার দুপুরের পর চূড়ান্ত করা হবে।
জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।























