ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম চালু
- আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির (কৃত্রিম বুদ্ধিমত্তা) ‘অটো ফাইন সিস্টেম’ চালু হওয়ায় চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আধুনিক এ প্রযুক্তির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, এই প্রযুক্তি চালুর ফলে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ম ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই প্রযুক্তি চালু করেছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে আইন ভঙ্গের তথ্য শনাক্ত করা হবে।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
























