ঢাকাসহ ১৩ রুটে চলবে
নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস
- আপডেট সময় : ১২:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হলো বিশেষ ‘পিংক বাস’ সেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলবে। পাশাপাশি চট্টগ্রামের একটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলাচল করবে। সব মিলিয়ে ১৩টি রুটে মোট ১৪টি পিংক বাস যাত্রীসেবা দেবে।
তিনি বলেন, নারীরা যেন এই বাসে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে এবং বাসের সংখ্যাও বৃদ্ধি করা হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে যে পরিবেশে নারীরা এই সেবা পাচ্ছেন, তা আরও উন্নত ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বিআরটিসি সূত্র জানায়, রাজধানীতে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিংক বাস চলবে। এর মধ্যে রয়েছে—নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিল রুট। এছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও চলবে এই বিশেষ বাস।
নারীদের জন্য আলাদা এই পরিবহন সেবা চালুর মাধ্যমে গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।























