লিবিয়া থেকে ফিরলেন ৩ নারী ও এক শিশুসহ ১৭৪ বাংলাদেশি
- আপডেট সময় : ১১:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দেশে ফেরা এসব নাগরিকের মধ্যে রয়েছেন ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হয়।
ফিরে আসা বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ও আইওএমের সহযোগিতায় এ ১৭৪ জনকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
দূতাবাস নিয়মিতভাবে বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের সাক্ষাৎকার, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করছে। বর্তমানে আটক থাকা অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।
এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তারা বলছে, দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অনেকে সমুদ্রপথে যাত্রা করে মৃত্যু, নিখোঁজ, জিম্মি হওয়া কিংবা আটকের শিকার হচ্ছেন।
দূতাবাস সবাইকে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের আহ্বান জানিয়েছে।
এর আগে একই পরিস্থিতির শিকার হয়ে গত ৭ আগস্ট লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩৪০ বাংলাদেশি।





















