মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের
- আপডেট সময় : ০১:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মার্কিন সেনাকে আটক বা হত্যার জন্য ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
রোববার (১৬ আগস্ট) তেহরানে দেওয়া এক বক্তব্যে হাতামি বলেন, কোনো ইরানি নাগরিক মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে পারলে তাকে ইরানি জনগণের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
তিনি জানান, এ ধরনের আর্থিক সহায়তায় অংশ নিতে সাধারণ মানুষের কাছ থেকে বিপুলসংখ্যক অনুরোধ আসার পরই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে বর্তমানে ইরানের অভ্যন্তরে মার্কিন স্থলবাহিনীর কোনো উপস্থিতির তথ্য পাওয়া যায়নি। যদিও গত এপ্রিলে ইরানে বিধ্বস্ত হওয়া একটি উড়োজাহাজের মার্কিন পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র একটি বিশেষ অভিযান চালিয়েছিল। তবে মার্কিন সেনাদের লক্ষ্য করে সম্ভাব্য কোনো অভিযানের স্থান বা সময় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেননি ইরানের সেনাপ্রধান।
এদিকে সোমবার (১৭ আগস্ট) শেষ হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ। তবে চলমান আলোচনায় অগ্রগতি না থাকায় যুদ্ধবিরতির সময় বাড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এর মধ্যেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেছেন, ভিয়েতনাম যুদ্ধের সময়ের তুলনায়ও বেশি সামরিক শক্তি ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে ওয়াশিংটন। ভবিষ্যতে ইরানের প্রতিরোধ সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।






















