লিভারপুলের মালিকানায় জেফ বেজোস
- আপডেট সময় : ০৪:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোট ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সংখ্যালঘু অংশীদারত্ব কিনতে যাচ্ছে। শুক্রবার (১৪ আগস্ট) ক্লাবটির মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস (এফএসজি) বিষয়টি নিশ্চিত করেছে।
‘১৮৯২ হোল্ডিংস’ নামের একটি কনসোর্টিয়ামের কাছে লিভারপুলের অংশীদারত্ব বিক্রির জন্য চূড়ান্ত চুক্তি হয়েছে বলে জানিয়েছে এফএসজি। এই জোটে রয়েছেন অমিত ভাটিয়া, মিত্তল ফ্যামিলি ট্রাস্টস, কে৫ স্পোর্টস, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন ও তার স্ত্রী এলেইন স্যাভেরিনের পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইই ক্যাপিটাল। ২০১০ সালে প্রায় ৩০ কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি। নতুন বিনিয়োগের পরও ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা ও পরিচালনাগত নিয়ন্ত্রণ এফএসজির কাছেই থাকবে।
বেজোস এই বিনিয়োগে কে৫ স্পোর্টসের প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকছেন। চুক্তি সম্পন্ন হলে কোনো পেশাদার ক্রীড়া ক্লাবে এটিই হবে তার প্রথম বিনিয়োগ। তবে তিনি লিভারপুলের পরিচালনা পর্ষদে থাকবেন না।
এফএসজি আর্থিক বিবরণ প্রকাশ না করলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুলের প্রায় ৩০ শতাংশ অংশীদারত্ব কিনতে কনসোর্টিয়ামটি ১.৬৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। এতে ক্লাবটির মূল্য দাঁড়াবে প্রায় ৫.৫ বিলিয়ন পাউন্ড।
চুক্তি সম্পন্ন হলে অমিত ভাটিয়া লিভারপুলের সহসভাপতি হবেন। কে৫ স্পোর্টসের প্রতিষ্ঠাতা ব্রায়ান বম ও এলেইন স্যাভেরিনও সম্প্রসারিত পরিচালনা পর্ষদে যোগ দেবেন।
এর আগে অমিত ভাটিয়া কুইন্স পার্ক রেঞ্জার্সের শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ছিলেন। তিনি ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের জামাতা।



























