খসড়া প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়
পে-স্কেল বাস্তবায়ন হবে দুই ধাপে
- আপডেট সময় : ১২:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সচিব কমিটি ইতোমধ্যে প্রস্তাবটি চূড়ান্ত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে চলতি সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি তোলা হতে পারে।
খসড়া প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়নি। উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নবম পে-স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি এবং দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে।
চলতি বছরের জুলাই থেকে আংশিক বাস্তবায়ন শুরু করে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো পে-স্কেল কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে বিচার বিভাগ-সংক্রান্ত কিছু জটিলতা থাকায় বিষয়টি পর্যালোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিসভা আলোচনার পর প্রস্তাবের বিভিন্ন বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে।





















