কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী
- আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দীর্ঘ অপেক্ষার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী। শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে অর্থ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে অবসর সুবিধা বোর্ডের ৭০ হাজার ১১৯ জন এবং কল্যাণ ট্রাস্টের ৫৩ হাজার ৪৭৭ জন শিক্ষক-কর্মচারী অর্থ পাবেন। এ জন্য সরকার প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে।
এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এবার প্রথমবারের মতো ‘আইবাস’ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হবে। এতে অর্থ বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমবে।
সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে শিক্ষক-কর্মচারীরা অবসর সুবিধা হিসেবে প্রায় সাড়ে ৪ লাখ টাকা করে পাবেন। পর্যায়ক্রমে তাদের বাকি পাওনাও পরিশোধ করা হবে।





















