বাংলাদেশ সিরিজে পাঁচ পেসার নিয়ে অস্ট্রেলিয়া একাদশ
- আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পেস আক্রমণকে শক্তিশালী করে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ আগস্ট) শুরু হতে যাওয়া ম্যাচে পাঁচ পেসার নিয়ে মাঠে নামছে প্যাট কামিন্সের দল।
দীর্ঘ ২২ বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ফিরেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই পেসারকে জায়গা দিতে একাদশের বাইরে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রথমবার একসঙ্গে খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিখ্যাত পেস ত্রয়ী—মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার। একাদশে ফিরেছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নও।
হ্যাজলউড গত বছরের অক্টোবরের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। চোটের কারণে মিস করেছিলেন অ্যাশেজ সিরিজও। অন্যদিকে লায়নও হ্যামস্ট্রিংয়ের চোটে অ্যাশেজের মাঝপথে ছিটকে গিয়েছিলেন।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, লায়নকে একাদশে রাখা নিয়ে কোনো সংশয় ছিল না। মূল সিদ্ধান্ত ছিল পেস আক্রমণের সমন্বয় নিয়ে। তিনি বলেন, স্কট বোল্যান্ড দুর্দান্ত বোলার হলেও দলের ভারসাম্যের কারণে হ্যাজলউডকে বেছে নেওয়া হয়েছে।
ব্যাটিং লাইনআপেও বড় পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে থাকছেন জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। এরপর মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টার সামলাবেন মিডল অর্ডার।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশের একাদশ ঘোষণা করা হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, কয়েকজন ক্রিকেটারের হালকা শারীরিক সমস্যা রয়েছে। তবে লিটন দাসের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।


























