দিনেই নামবে অন্ধকার
পূর্ণ সূর্যগ্রহণ আজ
- আপডেট সময় : ১২:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দুই বছরেরও বেশি সময় পর আবারও দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। এ মহাজাগতিক ঘটনায় দিনের বেলাতেই রাতের মতো অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর কয়েকটি অঞ্চল। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হবে পূর্ণ সূর্যগ্রহণের মূল পর্ব।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় অনুযায়ী বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নেবে। ফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়লে কিছু অঞ্চল থেকে সূর্য পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে।
এবারের পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথ প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। চাঁদের এই পূর্ণ ছায়া আর্কটিক অঞ্চলের কাছ থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। এসব এলাকায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটের বেশি সময় পর্যন্ত সূর্য পুরোপুরি আড়াল থাকবে।
এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব অঞ্চলে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে চলে যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে গ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এর আগে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। ওই গ্রহণটি উত্তর ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্যমান হয়েছিল।
ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯০৫ সালে। ফলে এক শতাব্দীরও বেশি সময় পর দেশটির মানুষ আবারও এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে।
বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
পূর্ণ সূর্যগ্রহণের মূল পথ বাংলাদেশ থেকে অনেক দূরে হওয়ায় এ দেশের আকাশ থেকে এটি দেখা যাবে না। উত্তর গোলার্ধের উত্তর আটলান্টিক ও ইউরোপকেন্দ্রিক অঞ্চলেই এবারের গ্রহণের দৃশ্যমানতা সীমাবদ্ধ থাকবে।























