অভিষেকেই বাজিমাত ফর্টিজের, কিরগিজ ক্লাবকে হারিয়ে মূল পর্বে
- আপডেট সময় : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৮৩৪ বার পড়া হয়েছে
এশিয়ান ক্লাব ফুটবলে অভিষেকেই চমক দেখিয়েছে বাংলাদেশের ফর্টিজ। কিংস অ্যারেনায় কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব নিশ্চিত করেছে তারা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ও বাংলাদেশের ফর্টিজ এফসির ম্যাচটি ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে। শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ফর্টিজকে এগিয়ে দেন ইব্রাহিম। গাম্বিয়ান ফুটবলার পা ওমরের বাড়ানো বল বক্সে পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মুরাস। ৮০ মিনিটে পেনাল্টিও পায় কিরগিজ দলটি। তবে তাদের ফরোয়ার্ডের নেওয়া শট সাইড পোস্টে লেগে ফিরে আসে।
শেষ দিকে মুরাস একাধিক আক্রমণ করলেও ফর্টিজের লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ও রক্ষণভাগের দৃঢ়তায় আর গোল করতে পারেনি সফরকারীরা।
বাংলাদেশের ফুটবলে মাত্র ছয় বছর আগে যাত্রা শুরু করা ফর্টিজ এবার লিগে তৃতীয় হয়েছিল। চ্যাম্পিয়ন কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী ফিফা নিষেধাজ্ঞায় থাকায় ফর্টিজ ও পুলিশ এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায়। অভিষেকেই সেই সুযোগ কাজে লাগিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করল ফর্টিজ।

























