মতিঝিলে ছিনতাইকারী আটক, উদ্ধার কানের দুল
- আপডেট সময় : ১২:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় মো. রাজু (২৬) নামে এক যুবককে জনতার সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেলমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। বিষয়টি দেখে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর দ্রুত ঘটনাস্থলে যান।
পরে স্থানীয় জনসাধারণের সহায়তায় ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাই করা একটি কানের দুল উদ্ধার করা হয়। পরে সেটি ভুক্তভোগী নারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার রাজুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























