ফরিদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে শহরের নিউ মার্কেট ও জনতা ব্যাংকের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে চকবাজার, থানা রোড ও আড়ংয়ের সামনের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আশরাফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত হয় এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানের একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকির বলেন, ফরিদপুর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত রাখতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে ফুটপাত ও সড়ক দখল করে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।
তিনি আরও বলেন, শুধু একদিনের অভিযান নয়, প্রতি সপ্তাহে এসব এলাকা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি শহরকে দখলমুক্ত রাখতে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
হোসাইন মোহাম্মদ হাই জাকির বলেন, ফরিদপুর পৌরসভার একার পক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব নয়। তাই শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের একটি বড় দল অংশ নেয়। এছাড়া ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৩০ জন শ্রমিক উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন।























