পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল
- আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পাউরুটি উৎপাদনে বিষাক্ত রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পাউরুটি বাজারজাতের সময় প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়নি’—এমন ঘোষণা বাধ্যতামূলক করা হবে না কেন, তাও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে খাদ্য সচিব, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া প্রাণ ফুডের ব্যবস্থাপনা পরিচালক, নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, ডেনিস ফুডের ব্যবস্থাপনা পরিচালক, (ফ্রেশ) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক, আকিজ ফুডের ব্যবস্থাপনা পরিচালক এবং হক ফুডের ব্যবস্থাপনা পরিচালককেও রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। তাকে সহযোগিতা করেন আইনজীবী জাহিদ তালুকদার।
আদেশের পর আইনজীবী সঞ্জয় মণ্ডল জানান, পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। একই সঙ্গে পাউরুটির প্যাকেটে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়নি—এমন ঘোষণা বাধ্যতামূলক করার বিষয়ে আদালত জানতে চেয়েছেন।
এর আগে গত ২৬ জুলাই পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন (এমএইচআরজিএফ)। রিটে পাউরুটি বাজারজাতের সময় প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’—এমন ঘোষণা বাধ্যতামূলক করারও নির্দেশনা চাওয়া হয়।


























