আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারতের সব ইস্যু সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
- আপডেট সময় : ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো ইস্যু নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। প্রথমবার সাক্ষাৎ হলেও আলোচনাটি খুবই আন্তরিক ও ভালো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে হাইকমিশনার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ইস্যু থাকবেই। তবে দুই দেশের সাধারণ মানুষের প্রত্যাশা—সম্পর্ক ভালো রাখা। দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। পাশাপাশি দুই দেশ নিজেদের স্বপ্নও ভাগ করে নেয়।
আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য, দুই দেশের ইস্যুগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের দিকে নিতে হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘এমন কোনো ইস্যু নেই, যা বসে সমাধান করা যাবে না।’ দুই দেশের সাধারণ মানুষই চায় সম্পর্ক আরও ভালো হোক।
বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত দুই মাসে বাংলাদেশে তিনি মানুষের কাছ থেকে অনেক আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য উল্লেখ করে হাইকমিশনার বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীও দুই দেশের সম্পর্ক ভালো রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন।























