দ্রুত পাসপোর্ট দেওয়ার নামে প্রতারণা, আটক ৮
- আপডেট সময় : ০১:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দ্রুত সময়ে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-২ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট করে দেওয়ার নামে দালালি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিল। তারা কম সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিত।
অভিযান শেষে র্যাব-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সাঈদ মাহমুদ সাংবাদিকদের বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতারণা চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পাসপোর্ট অফিসের বিভাগীয় উপপরিচালক ইসমাইল হোসেন জানান, দালালদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েক মাসে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দালালদের তৎপরতা আগের তুলনায় অনেক কমেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দালালের মাধ্যমে অল্প সময়ে পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। তাই সেবাগ্রহীতাদের দালালদের থেকে দূরে থেকে সরাসরি পাসপোর্ট অফিসের নিয়ম মেনে আবেদন করার আহ্বান জানান তিনি।


























