রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি, ইসি থেকে সংগ্রহ মনোনয়ন ফরম
- আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে। ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে মনোনয়ন ফরম নেন ১১ দলীয় ঐকের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেনসহ ১১ দলীয় ঐকের অন্যান্য নেতারা।
এর আগে রোববার রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐকের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ড. অলি আহমদের নাম ঘোষণা করা হয়। পরে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। দেশের রাজনীতিতে স্বচ্ছতা ও সুস্থ ধারা ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য।
অলি আহমদ বলেন, জনগণ ও ১১ দলীয় ঐক্যের প্রতি তিনি কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধা হিসেবে তার ভূমিকা, সততা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; জনগণের স্বার্থ রক্ষা ও দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য।
























