ফ্যাসিষ্ট সরকার দেশের স্বাস্থ্য খাতে লুটপাট করে গেছে : স্বাস্থ্য মন্ত্রী
- আপডেট সময় : ০৪:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৬১১ বার পড়া হয়েছে
জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।
রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে হয়েছে লুটপাট৷ ১২ কোটি টাকার মেশিন কেনা হয়েছে ১৮ কোটি টাকা দিয়ে৷ এসব যন্ত্র ও মেশিনারিজ ব্যবহার না করে অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হবে।
এর আগে আকস্মিক ঝটিকা সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে পরে মৌখিকভাবে তাকে ক্ষমা করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
দুপুরে মন্ত্রী চাঁদপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন৷
তিনি হাসপাতালে সার্বিক কাযক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন৷
এ সময় স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক এড সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন নূরে আলম দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷



















