রোমে গ্রাউন্ডেড বিমান, রোববার ঢাকায় ফিরবে
- আপডেট সময় : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কারিগরি সমস্যার কারণে ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে গ্রাউন্ডেড হয়ে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের পর বিশেষ সূচিতে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজি-৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজটির (রেজিস্ট্রেশন এস২-এজেওয়াই) কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) ঘোষণা করে রোম বিমানবন্দরে রাখা হয়।
শনিবার (৮ আগস্ট) ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজি-৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দল ও যন্ত্রাংশ পাঠানো হয়। ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।
প্রকৌশলীরা রোমে পৌঁছানোর পর উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু করবেন। মেরামত সফলভাবে সম্পন্ন হলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা রয়েছে উড়োজাহাজটির।
সবকিছু ঠিক থাকলে ফ্লাইটটি রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সার্বক্ষণিক সর্বশেষ তথ্য জানানো হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬ ফ্লাইটটি। স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে আড়াই শতাধিক যাত্রী নিয়ে উড্ডয়নের প্রায় আট ঘণ্টা পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরে শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে এটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
এ ঘটনায় আড়াই শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন। যাত্রীদের অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের বিমানবন্দরের একটি লাউঞ্জে রাখা হয়েছে।

























