গ্রিস উপকূলে ৭২ বাংলাদেশিসহ ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
- আপডেট সময় : ১২:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করার সময় ৭২ বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স ও গ্রিক কোস্টগার্ড।
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের কাছে বৃহস্পতিবার (৭ আগস্ট) কয়েক দফায় এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের বহনকারী নৌযানগুলো লিবিয়ার উপকূল থেকে যাত্রা করেছিল বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ইয়েরাপেত্রার দক্ষিণ-পূর্ব উপকূলে একটি নৌকায় থাকা ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে প্রথমে শনাক্ত করে ফ্রন্টেক্সের একটি বিমান। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়।
এর কয়েক ঘণ্টা আগে দুটি পৃথক নৌযান থেকে উদ্ধার করা হয় আরও ১১২ জনকে। এর মধ্যে একটি নৌযানে থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন ছিলেন সুদানের নাগরিক এবং ২৫ জন বাংলাদেশি। অন্য নৌযানে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিশরের নাগরিক।
গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ চলছে।
সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে। মাত্র ৪৮ ঘণ্টায় অন্তত ২০২ জন সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে দ্বীপটির আশ্রয়কেন্দ্র ও প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
এদিকে, এর আগে ৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, লিবিয়ার তোব্রুক থেকে গ্রিসগামী নৌকাটি চালানোর দায়িত্বে ছিল সে। অভিবাসীদের কাছ থেকে এ যাত্রার জন্য দেড় থেকে দুই হাজার ডলার পর্যন্ত নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে।





















