বিশ্বকাপ ব্যর্থতার পর উরুগুয়ের কোচ ফোরলান
- আপডেট সময় : ০১:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার বিদায়ের পর জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড ও ২০১০ বিশ্বকাপের ‘গোল্ডেন বল’জয়ী তারকা দিয়েগো ফোরলান।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৪৭ বছর বয়সী ফোরলান একই সঙ্গে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করবেন। অনূর্ধ্ব-২০ দলের কাজ তিনি তাৎক্ষণিকভাবে শুরু করবেন। এরপর সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিনিয়র দলের ডাগআউটে দেখা যাবে সাবেক এই তারকাকে।
উরুগুয়ের জার্সিতে ১১২ ম্যাচে ৩৬ গোল করা ফোরলান ২০১০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতেছিলেন। ২০১১ সালে কোপা আমেরিকা জয়ে উরুগুয়ের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
২০১৯ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিং ক্যারিয়ার শুরু করেন ফোরলান। দেশটির ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জাতীয় দলকে নতুনভাবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের হারানো সাফল্য ফিরিয়ে আনাই হবে ফোরলানের প্রধান লক্ষ্য। সাবেক এই তারকার অধীনে নতুন যুগের শুরু করতে চায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

























