সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত ১৪
- আপডেট সময় : ১২:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকার দয়ামীর অংশে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুইজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- প্রিয়ম (২৫) ও জাইফা (৪)। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
আহতদের মধ্যে ওয়াব (৪৫), মনসুর (৩৪), আতিকুল ইসলাম (৪৮), বাবুল (৪০), মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন (৬৫), জাহাঙ্গীর (২৮), আফজল (৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০) ও রাজু (৫৫) রয়েছেন।
ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।























