লিগস কাপে মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়
- আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
লিগস কাপে লিওনেল মেসির জোড়া গোলে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত থাকার ধারাও বজায় রাখল যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। ম্যাচের চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো সান লুইস।
তবে সমতায় ফিরতে বেশি সময় নেননি লিওনেল মেসি। ম্যাচের ১১তম মিনিটে নূহ অ্যালেনের পাস থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান আর্জেন্টাইন অধিনায়ক।
এরপর টেলাস্কো সেগোভিয়ার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৪৪তম মিনিটে আবারও গোল করেন মেসি, জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের ব্যবধান বাড়িয়ে করেন ৩-১।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার মিকেল।
দ্বিতীয়ার্ধে রাফা লরেন্তের গোলে ব্যবধান কিছুটা কমিয়ে ৪-২ করে সান লুইস। এরপর বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে কয়েকটি সুযোগ তৈরি করলেও আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।


























