বগুড়ায় আজ থেকে শুরু হচ্ছে হৃদরোগ চিকিৎসকদের সম্মেলন
- আপডেট সময় : ১২:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও ব্যবহারিক প্রশিক্ষণ। আজ বৃহস্পতিবার থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল মিলনায়তনে ‘উত্তর-পশ্চিম হৃদরোগ সম্মেলন ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি-’ অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই)।
আয়োজকরা জানান, হৃদরোগ চিকিৎসার মান আরও উন্নত করা, চিকিৎসকদের আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং তরুণ হৃদরোগ বিশেষজ্ঞদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল ও হৃদরোগ ইনস্টিটিউটের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিয়াক সার্জন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং তরুণ চিকিৎসকরা অংশ নেবেন। সম্মেলনে হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার সর্বাধুনিক পদ্ধতি, করোনারি এনজিওগ্রাম, রিং (স্টেন্ট) প্রতিস্থাপন, জটিল হৃদরোগের ইন্টারভেনশন, জরুরি হৃদরোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হবে। পাশাপাশি থাকবে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণের বিশেষ সেশন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন আয়োজক সংস্থার সভাপতি অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. এএনএম মনোয়ারুল কাদির (বিটু)।
আয়োজক সংস্থার মহাসচিব ডা. খন্দকার আসাদুজ্জামান এবং সম্মেলনের সদস্য সচিব ডা. মো. আবুল আলম জানান, এই সম্মেলন শুধু চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এর সুফল সরাসরি পাবেন দেশের সাধারণ রোগীরাও।
আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পাওয়ায় হৃদরোগ দ্রুত শনাক্ত করা, সঠিক সময়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং জটিল রোগীদের সফলভাবে চিকিৎসা দেওয়া আরও সহজ হবে।
ডাঃ আবুল আলম বলেন, এর ফলে উত্তরাঞ্চলের অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হবে না। বগুড়াসহ উত্তর অঞ্চলের হাসপাতালগুলোতে আরও মানসম্মত হৃদরোগ চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং জরুরি হৃদরোগের চিকিৎসা আরও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন আয়োজনের মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে । দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























