পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে স্তব্ধ করলেন মেসি
- আপডেট সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পায়ের জাদুতে আরও একবার ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিলেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর মুহূর্তেই নিখুঁত এক ফ্রি-কিক থেকে জাদুকরী গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। তার এই অতিমানবীয় গোলের ওপর ভর করে ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই গোলের মাধ্যমেই বিশ্ব ফুটবলের ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে টানা ৭ ম্যাচে গোল করার এক অনন্য ও অবিশ্বাস্য বিশ্বরেকর্ড নিজের করে নিলেন এই মহাতারকা।
এর আগে তিনি টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে আজকে জর্ডানের বিপক্ষে খেলতে নেমে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করলেন। চলতি আসরে এটি মেসির ষষ্ঠ গোল, বিশ্বকাপে সব মিলিয়ে ১৯তম।
এদিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানের মুখোমুখি হয় লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া এ ম্যাচের প্রথমার্ধে সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে অধিনায়ক মেসিকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ। তবে তাকে বিশ্রামে রেখেও প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে দুই গোলের স্বস্তির লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৬০ মিনিটে বেঞ্চ থেকে উঠে সবুজ গালিচায় পা রাখেন আর্জেন্টাইন জাদুকর। এরপর ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিকে চোখধাঁধানো এক গোল করেন তিনি।

























