গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ছোট-বড় ২৪টি দুর্ঘটনা
- আপডেট সময় : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে পোশাক কারখানা খোলার আগমুহূর্তে গত ২৪ ঘণ্টায় যানবাহনের চাপের মধ্যে যমুনা সেতুতে ছোট-বড় ২৪টি দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে ছয়টি দুর্ঘটনার পর উদ্ধার কাজে রেকার ব্যবহার করতে হয়েছে।একারণে কখনো সেতুর দুই লেন, কখনো এক লেন বন্ধ রাখতে হয়েছে। এর প্রভাবে সেতুর দুই পাড়েই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে সকাল থেকে যানজট কিছুটা কমেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই যানজট বেশী হয়েছে সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ অংশে। অর্থাৎ ঢাকামুখী মানুষকে পড়তে হয়েছে দুর্ভোগে। গতকাল বিকেলের পর অবস্থার কিছুটা উন্নতি হলেও সবশেষ রাত ৯টার দিকে যমুনা সেতুর ওপরে দুই বাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। ওই ঘটনার পর যমুনা সেতুর পশ্চিমপাড়ে আবারো প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। যমুনা সেতু পশ্চিম থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতুর ওপরে ছোট বড় ২৪টি দুর্ঘটনা নথিভুক্ত করেছেন তারা।




















