বাগেরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন চিতলমারী
- আপডেট সময় : ০৪:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। সোমবার বিকেলে বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিতলমারী উপজেলা দল।
জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল তুলে দেন।
পুরস্কার বিতরণী শেষে এম এ সালাম বলেন, “তৃণমূলের এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি আমাদের আগামীর তারকা খেলোয়াড় তৈরি করবে। খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে।” সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

























