রেফারিকে হুমকি দিয়ে বড় শাস্তির মুখোমুখি জেরার্ড পিকে
- আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাবেক বার্সেলোনা তারকা জেরার্ড পিকে এবার বিতর্কে জড়ালেন মাঠের বাইরের ঘটনায়। রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে তাকে দুই মাসের জন্য সব ধরনের অফিসিয়াল ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। পাশাপাশি দেওয়া হয়েছে ছয় ম্যাচের নিষেধাজ্ঞাও।
বর্তমানে এফসি অ্যান্ডোরার সহ-মালিক হিসেবে কাজ করছেন পিকে।
গত সপ্তাহে আলবাসেতের বিপক্ষে অ্যান্ডোরার হারের পর ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়, পিকে নাকি বলেন, ‘আপনাকে নিরাপত্তা নিয়ে মাঠ ছাড়তে হবে, যেন কেউ আক্রমণ না করে।’ এ ছাড়া তিনি আরো মন্তব্য করেন, ‘অন্য দেশে হলে আপনাকে মারধর করা হতো, তবে অ্যান্ডোরায় আমরা সভ্য।’
এই মন্তব্যের পরই কঠোর অবস্থান নেয় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
শৃঙ্খলা কমিটি জানায়, পিকের আচরণ ‘খেলাধুলার মর্যাদা ও শালীনতাকে ক্ষুণ্ন করেছে।’ সেই কারণেই তাকে দুই মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া রেফারির প্রতি ‘সামান্য সহিংস আচরণের’ অভিযোগে আরো ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে।
এই ঘটনায় অ্যান্ডোরার আরো কয়েকজন কর্মকর্তাও জড়িত ছিলেন।
ক্লাব সভাপতি ফেরান ভিলাসেকাকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে, আর স্পোর্টিং ডিরেক্টর জাউমে নোগেসও শাস্তির মুখে পড়েছেন।
খেলোয়াড়ি জীবনে পিকে ছিলেন স্পেন ও বার্সেলোনার অন্যতম সফল ডিফেন্ডার। তিনি জিতেছেন ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এ ছাড়া স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোও জিতেছিলেন তিনি।
























