সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন দুই মন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের সহায়তার আওতায় আনতে নির্ভুল তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও অপরিকল্পিত কাজের কঠোর সমালোচনা করেন মন্ত্রী।
দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রদত্ত তিন মাস মেয়াদী মানবিক সহায়তার আওতায় হাওরাঞ্চলের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নিশ্চিতভাবে আনা জরুরি। তিনি বলেন, তালিকায় অধিক, মাঝারি ও স্বল্প ক্ষতিগ্রস্ত এই তিনটি স্তর অন্তর্ভুক্ত করতে হবে এবং বিতর্ক এড়াতে নির্ভুল তালিকা তৈরি করা হবে। মন্ত্রী ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও অপরিকল্পিত কাজের কঠোর সমালোচনা করে টেকসই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।
এসময় মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষকের অর্থনীতি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।তিনি আরও জানান, সরকার অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে। আলোচনা সভার পর অতিথিরা বিশ্বম্ভরপুর উপজেলায় হাওর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকের মাঝে ত্রাণ বিতরণ করেন।























