হরমুজ প্রণালিতে ইরানের পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব দেশগুলো
- আপডেট সময় : ০৪:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৭৫২ বার পড়া হয়েছে
বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ইরানের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। প্রণালিটি বন্ধ করা, নৌচলাচলে বাধা সৃষ্টি এবং নিরাপদ চলাচলের জন্য ফি আরোপের যেকোনো উদ্যোগকে ‘অবৈধ কর্মকাণ্ড’ বলে প্রত্যাখ্যান করা হয়।
সৌদি আরবে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) এক বিশেষ বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দেশগুলোর এ অবস্থান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে যুদ্ধ-পূর্ব সময়ের মতো হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও অবাধ নৌচলাচল পুনঃস্থাপনের আহ্বান জানান। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সামরিক সমন্বয় বাড়ানো, যৌথ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন উপসাগরীয় নেতারা।

























