হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তেহরানের অনুমোদন থাকতেই হবে : ইরান
- আপডেট সময় : ০৪:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।
এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।
মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক এর বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খোলা থাকবে।
তিনি আরও বলেন, ‘সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সাথে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। হরমুজ প্রণালি খুলে দেয়ার সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতিসহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার বন্ধ করে দেয়া হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলি এই অনুমতি পাবে না।






















