মেডিকেল ও ব্যবসায়িক ভিসা আরো সহজ করছে ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কাল কৃষিকার্ড দেয়ার মাধ্যমে বাংলা নতুন বছরে নব-দিগন্তের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন একথা জানান। এদিকে ভারতের মেডিকেল ও ব্যবসায়িক ভিসা আরো সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে। ওদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শিলব্রেড ফাসমার।
সাম্প্রতিক ভারত সফরের বিষয়াদি অবহিত করতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পরে হুমায়ুন কবির জানান, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেয়া হবে। দেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি করবে না সরকার।
আগামী সপ্তাহে ভারত মেডিকেল ও ব্যবসায়ী ভিসা আরো সহজ করতে সম্মত হয়েছে বলেও জানান হুমায়ুন কবির।
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সুলভ মূল্যে সার, বীজ, কৃষি উপকরণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করা হবে বলেও জানান মাহাদী আমিন।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক টেলিকম জায়ান্ট টেলিনরের প্রধান নির্বাহী বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।





















