এবার বাংলা বর্ষবরণের রেলি হবে “বৈশাখী শোভাযাত্রা” নামে
- আপডেট সময় : ০৮:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আবারও পরিবর্তন করা হয়েছে পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম। আনন্দ কিংবা মঙ্গল নামে নয়, এবার বাংলা বর্ষবরণের শোভাযাত্রা হবে “বৈশাখী শোভাযাত্রা” নামে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, মানুষের মাঝে বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় দ্রুত জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেয়ার কথাও জানান নিতাই রায় চৌধুরী।
বাংলা বর্ষবরণ মানেই বাঙ্গালীর উৎসব আর মিলনমেলা। দল বেধে বৈশাখী মেলায় যাওয়া আবহমান বাংলার চিরায়ত রূপ।
তবে, বর্ষবরণের মূল আয়োজন শোভাযাত্রা। যে শোভাযাত্রার নামকরণ নিয়ে দেখা দিয়েছে বিভাজন। এমন বাস্তবতায় রোববার সংবাদ সম্মেলন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, শোভাযাত্রা নিয়ে কোন বিতর্ক দেখতে চায় না সরকার। তাই এখন থেকে বষবরণ শোভাযাত্রা হবে বৈশাখী শোভাযাত্রা নামে।
নাম পরিবর্তনে ইউনেস্কোর দেয়া স্বীকৃতি নিয়ে কোন সমস্যা হবে না বলে জানান সংস্কৃতি মন্ত্রী।
শোভাযাত্রার নিরাপত্তায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার কথাও জানান নিতাই রায় চৌধুরী।
জুলাই স্মৃতি জাদুঘরের কাজ শেষে দিকে হওয়ায় দ্রুতই জাদুঘর খুলে দেয়ার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর।





















