তিন মাসের জ্বালানি চাহিদা মেটাতে ব্যাপক আমদানির উদ্যোগ সরকারের
- আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আগামী তিন মাসের জ্বালানি চাহিদা মেটাতে সরকার বড় ধরনের আমদানির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে তিনি জানান, এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত জ্বালানী তেল মজুত রয়েছে। এছাড়া, দোকান মালিক সমিতির দাবির প্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন না অফলাইনে চলবে, এ বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার।
রোববার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী তিন মাসের প্রয়োজনীয় জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
জ্বালানি সাশ্রয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এখন থেকে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এদিকে, একই ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম কোন পদ্ধতিতে চলবে, এ নিয়ে চলমান ধোঁয়াশা কাটছে দ্রুত। সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, মন্ত্রিপরিষদের বৈঠকের পর বৃহস্পতিবার আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
তবে, শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।




















