ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০৪:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়মের বাইরে গিয়ে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে আনা হচ্ছে মাটি। বাধা দিলেও ঠিক পথে আসেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে বিপাকে পড়েছেন সড়কের পাশে বসবাসকারী শত শত বাসিন্দা।
জরিনা খাতুন। নিজের বলতে সম্বল -এককাঠা জমি। স্বামী-সন্তান নিয়ে থাকেন সেখানে। স্বামী মুক্তার হোসেন ভ্যানচালক। কষ্টে অর্জিত তার সামান্য আয় থেকেই কেনা এই জমি। অথচ সেই জমি থেকেই মাটি নিয়েছে সরকারি ঠিকাদাররা। জমিতে করা হয়েছে বড় বড় গর্ত। ফলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হতে বিপাকে পড়তে হচ্ছে জরিনা খাতুনের স্বামীকে।
একই হাল এলাকার শত শত বাসিন্দাদের। জমিমালিকদের দেওয়া হয়নি কোনো টাকাও। ভুক্তভোগীরা বলছেন,এভাবে বসতবাড়ি থেকে মাটি নেওয়ায় ঝুঁকিতে রয়েছেন তারা।
এদিকে সড়ক নির্মাণকারী মূল ঠিকাদারী প্রতিষ্ঠান ঝিনাইদহের মিজানুর রহমান মাসুমের কাছ থেকে সাব ঠিকাদারী নিয়েছেন শৈলকুপার চুন্নু শেখ। এই অনিয়মের ঘটনা স্বীকার করে সাব ঠিকাদার জানায়, ক্ষতিপূরণ দেয়া হবে।
এদিকে সড়ক বিভাগ জানিয়েছে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক বিভাগের তথ্যমতে,গাড়াগঞ্জ বাজার থেকে শৈলকুপা শহর পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ২১ লাখ ৭৯ হাজার টাকা। এরমধ্যে মাটি দেওয়া বাবদ ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা।
























