অর্থনৈতিক সংস্কার টেকসই করতে আইনের শাসন ও জবাবদিহিতা জরুরি: ড. দেবপ্রিয়
- আপডেট সময় : ০৮:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, তারচেয়ে আরও নাজুক অবস্থায় রেখে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘নতুন সরকারের সূচনাবিন্দু : অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে অর্থনৈতিক সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন ড. দেবপ্রিয়।
এসময় বক্তারা বলেন, সরকারকে বাজেট ঘাটতি জিডিপির ৪ থেকে ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইলে, উচ্চ রাজস্ব প্রবৃদ্ধিই যথেষ্ট হবে না। লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা, কার্যকর সংস্কার ও শক্তিশালী রাজস্ব ব্যবস্থাপনার ওপরই নির্ভর করতে হবে।
আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে নিজেদের দলীয় নেতা-কর্মী ও মন্ত্রীদের অপরাধের দিকে লক্ষ্য রাখতে হবে।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচনী ইস্তেহারে ঘোষিত অর্থনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করতে পারলে সরকারের অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবে রূপ নেওয়া সম্ভব। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে হতে হবে আরও সতর্ক ও দায়িত্বশীল।
মূল্যস্ফীতি, বিনিময় হার, সুদের হার ও সামগ্রিক দায়-দেনা পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারির তাগিদ দেন ড. দেবপ্রিয়। আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে অর্থনৈতিক সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক।


















