ভালোবাসা ও বসন্তের দিনে খুলনায় সুন্দরবন দিবসে ভিন্ন মাত্রা
- আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিশ্ব ভালোবাসা দিবসের লাল আর বসন্তের হলুদের মেলবন্ধনে আজ শহরের প্রতিটি প্রান্ত যেন নতুন প্রাণ পেয়েছে। গোলাপ, গাঁদা আর পলাশের রঙে রাঙা চারপাশে ছড়িয়ে পড়ছে ভালোবাসার উষ্ণতা। তবে খুলনায় এই উৎসবের আনন্দে যুক্ত হয়েছে আরেকটি গভীর তাৎপর্য—সুন্দরবন দিবস। প্রকৃতি, ভালোবাসা আর বসন্ত—তিনের সম্মিলনে আজকের দিনটি পেয়েছে ভিন্ন এক মাত্রা।
শীতের কুয়াশা ছেঁড়া প্রথম বসন্ত দিন। রবির আলোয় ঝিকমিক করছে আমের মুকুল। রক্তিম হাসি পলাশের শাখায়। ফাগুন দিনে প্রকৃতি সেজেছে ভালোবাসা ও মমতায়।
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে। কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে, লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে। বসন্ত আর ভালোবাসা দিবস এক হয়ে গেছে প্রাণে প্রাণে।
শহরের রাজপথ, পার্ক, ক্যাম্পাস আর নদীর পাড় সবখানেই আজ মানুষের ভিড়। রঙিন পোশাক আর হাসির ছোঁয়া। তরুণ-তরুণীর চোখে প্রেমের আলো, শিশুদের হাতে রঙিন ফুল, আর প্রবীণদের মুখে স্মৃতির উষ্ণতা ।
এদিকে,এসব দিবস ঘিরে খুলনার একমাত্র ফুল মার্কেটেও ছিল বাড়তি প্রত্যাশা। তবে ব্যবসায়ীরা বলছেন, এবছর ক্রেতার ভিড় কিছুটা কম।
একই সাথে সুন্দরবন দিবস যোগ করেছে বাড়তি আনন্দ। জীববৈচিত্র্যের নিরাপদ আশ্রয় সেই বন রক্ষার অঙ্গীকার আজ ছড়িয়ে পড়ছে ভালোবাসার ভাষায়।
সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন,ভালোবাসা আর বসন্ত মানুষকে দেয় মনুষ্যত্বের খোঁজ।























