ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতির ভিড়ে কি বদলাবে রংপুরের ভাগ্য?
- আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৩০ বার পড়া হয়েছে
অবহেলা, বঞ্চনা আর উন্নয়ন বৈষম্যের দীর্ঘ ইতিহাস বহন করছে রংপুর অঞ্চল। কৃষি ভিত্তিক শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে বারবার পিছিয়ে পড়েছে এই জনপদ। প্রতিবছর তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারাচ্ছেন নদী পাড়ে লাখো মানুষ। এমন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আবারো উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক নেতারা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এবার কি সত্যিই বদলাবে রংপুরের ভাগ্য?
উত্তরাঞ্চলের সম্ভাবনাময় অঞ্চল রংপুর। কৃষি, নদী আর শ্রমশক্তি সব কিছু থাকার পরও উন্নয়নের দৌঁড়ে অনেকটাই পিছিয়ে এই জনপদ। শিল্পকারখানার অভাব, সীমিত বিনিয়োগ ও অবকাঠামোগত দুর্বলতায় বাড়ছে বেকারত্ব, বাড়ছে দারিদ্র্য।
তিস্তা নদীর ভাঙন যেন রংপুরবাসীর জন্য স্থায়ী আতঙ্ক। প্রতিবছর শত শত পরিবার হারাচ্ছে বসতভিটা ও কৃষিজমি। পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সমাধানের অভাবে তারা পড়ছে অনিশ্চিত জীবনে।
অন্যদিকে, কৃষিভিত্তিক শিল্প ও বড় কারখানা গড়ে না ওঠায় তৈরি হয়নি টেকসই কর্মসংস্থানের সুযোগ। ফলে কাজের সন্ধানে প্রতিদিন রাজধানীসহ বিভিন্ন জেলায় পাড়ি জমাচ্ছে রংপুরের হাজারো তরুণ।
এমন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী প্রচারণায় উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
তবে অতীত অভিজ্ঞতায় প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সন্দিহান সুশীল সমাজের প্রতিনিধিরা।
অবহেলার দীর্ঘ ছায়া থেকে মুক্ত হয়ে রংপুর কি এবার ঘুরে দাঁড়াতে পারবে? নাকি আবারো নির্বাচনী প্রতিশ্রুতির ফাঁদেই আটকে থাকবে উন্নয়নের স্বপ্ন এই প্রশ্নই এখন কোটি মানুষের।


















