২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা বৃহস্পতিবার
- আপডেট সময় : ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর প্রায় এক বছর আগে সূচি প্রকাশের পাশাপাশি টিকিটের জন্য নিবন্ধন ও ব্যালট প্রক্রিয়াও শুরু হবে।
২ অক্টোবর শুরু, ফাইনাল ২১ নভেম্বর
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন ‘গান্ধী জয়ন্তী’ উপলক্ষে ওই দিন থেকেই টুর্নামেন্টের পর্দা উঠবে। ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ।
এবারের আসরে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে ১০টি দলের জায়গা র্যাঙ্কিং ও স্বাগতিক হিসেবে নিশ্চিত হওয়ার কথা রয়েছে ৩০ সেপ্টেম্বরের কাট-অফের পর। বাকি চার দল বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেবে।
সূচিতে বাছাইপর্ব থেকে আসা দলগুলোকে ‘কোয়ালিফায়ার ১’, ‘কোয়ালিফায়ার ২’, ‘কোয়ালিফায়ার ৩’ ও ‘কোয়ালিফায়ার ৪’ নামে উল্লেখ করা হবে।
স্বাগতিক তিন দেশ
২০২৭ বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে আয়োজক দেশ হলেও নামিবিয়ার বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল মূল পর্বে জায়গা করে নেবে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম
বর্তমান ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের মাধ্যমে জায়গা পাওয়ার পথে রয়েছে।
বর্তমানে ভারতের অবস্থান শীর্ষে। এরপর রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান নবম।
দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ায় বাংলাদেশ নবম অবস্থান থেকেও র্যাঙ্কিংয়ের মাধ্যমে মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে অংশ নিতে হবে। আগামী বছরের শুরুতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১ অক্টোবর থেকে টিকিটের নিবন্ধন
সূচি ঘোষণার দিন থেকেই বিশ্বকাপের টিকিটের ব্যালট প্রক্রিয়া শুরু করবে আইসিসি। তবে ১ অক্টোবর থেকেই সরাসরি টিকিট কেনা যাবে না।
ওই দিন থেকে আগ্রহী দর্শকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। পরবর্তী ধাপে ব্যালটের মাধ্যমে নির্বাচিত দর্শকদের টিকিট কেনার সুযোগ দেওয়া হবে।





















