১৫ দিনের সাজায় কারাগারে সেই ভাইরাল মিজান
- আপডেট সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান তিনি।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, রাজধানীর আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি অভিযানে বাধা দেন। একপর্যায়ে একটি বোতল দিয়ে পুলিশের এক সদস্যকে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং চড়াও হন। একপর্যায়ে পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করলে তাকে আটক করা হয়।
পরে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।























