হোটেল কক্ষ নিয়ে অভিযোগ, মুখ খুললেন জেমস
- আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে হোটেল কক্ষ অপরিচ্ছন্ন রাখা, আয়োজকদের না জানিয়ে চলে যাওয়া এবং চুক্তি ভঙ্গের মতো নানা অভিযোগের মুখে পড়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউল জেমস। এতদিন এ বিষয়ে তার মুখপাত্র কথা বললেও এবার ভেনিসে সংবাদ সম্মেলনে সরাসরি নিজের অবস্থান জানিয়েছেন জেমস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় জেমস বলেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ছাড়া এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কক্ষের অপরিচ্ছন্ন ছবির বিষয়ে জেমস বলেন, যে কক্ষের ছবি ছড়িয়েছে সেটি তার নয়। সেখানে কয়েকজন তরুণ মিউজিশিয়ান ছিলেন। বয়স কম হওয়ায় তারা হয়তো কক্ষটি পুরোপুরি গুছিয়ে রাখেননি। বিষয়টিকে বড় করে দেখার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
হোটেল কক্ষের ছবি প্রকাশের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, যেহেতু সেটি তার কক্ষ নয়, তাই তার ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নও আসে না।
তবে চুক্তি ভঙ্গ ও টিকিট বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জেমস। সংবাদ সম্মেলনে তার মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন আয়োজকদের বিরুদ্ধেই পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তোলেন। তার দাবি, চুক্তি অনুযায়ী ৩০ হাজার ইউরো পারিশ্রমিক পরিশোধের পর জেমসের মঞ্চে ওঠার কথা থাকলেও শো শুরুর আগে পুরো অর্থ পরিশোধ করা হয়নি।
এদিকে, আগামী ২৩ আগস্ট ভেনিসে কনসার্ট করবে জেমসের দল নগরবাউল। এরপর ইতালির আরও কয়েকটি শহরে পারফর্ম করার কথা রয়েছে তাদের। ইউরোপ সফরের অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর সুইডেনেও কনসার্ট করবেন জেমস। সফর শেষে ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে নগরবাউলের।


























