সাতক্ষীরায় কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে জেলার শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)।
বুধবার (১২ আগস্ট) সকালে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনই সাতক্ষীরা জেলা কারাগারের হাজতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা পালিয়ে যান।
কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওই দিন সাতক্ষীরা জেলা কারাগার থেকে মোট ৮৭ বন্দি পালিয়ে যায়। এ ঘটনায় ১৫ আগস্ট মামলা করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেপ্তার হন। দীর্ঘদিন ধরে ৪১ জন পলাতক ছিলেন। সর্বশেষ এই দুই আসামিকে গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে মোট ৪৮ জন আটক হয়েছেন। এখনো ৩৯ জন পলাতক রয়েছেন।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মোজাম গাজী চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। অপরদিকে রফিকুল ইসলাম গাজীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ডের পাশাপাশি ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ছিল।
তিনি বলেন, কারাগার থেকে পালানোর পর তারা নিজ নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
কারাগার থেকে পালানো অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।























