সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস, বাড়তে পারে বৃষ্টি
- আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও এর প্রভাবে দেশের আট বিভাগেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকবে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ পূর্বাভাস জানান।
আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবারও থাকবে বৃষ্টির প্রবণতা
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিনও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার-বুধবারও বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া থাকতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোর কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
পাঁচ দিন পর বাড়তে পারে বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবারের পরও বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বিশেষ করে আগামী পাঁচ দিন পর দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
তাই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এ সময়ে স্থানীয়ভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।




















